তাইওয়ানে চলছে তীব্র খরা। এ খরায় শুকিয়ে যাওয়া এক লেকের তলা থেকে উদ্ধার হয়েছে একটি সচল মোবাইল ফোনটি। ফোনটি একবছর আগে চ্যান নামে এক দর্শনার্থীর কাছ থেকে লেকে পড়ে গিয়েছিল। শুক্রবার (৯ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
খবরে প্রকাশ, চ্যান দাবি করেছেন, সানমুন নামের এই লেকে একবছর আগে প্যাডলবোর্ডিং করার সময় তিনি মোবাইলটি ফেলে দেন। গত সপ্তাহে এক শ্রমিক তাকে কল করে বলে মোবাইলটি ওয়াটারপ্রুফ কভারসহ কাদায় মাখামাখি অবস্থায় পাওয়া গেছে।
চ্যান আরো বলেন, তিনি উত্তেজনায় রাতে ঘুমাতে পারেননি। মোবাইলটির কভার ওয়াটারপ্রুফ থাকায় এটি এখনো কাজ করছে। যে শ্রমিক ফোন ফেরত দিয়েছেন তিনি বলেছেন, গত ৫০/৬০ বছরের মধ্যে সানমুন লেকের পানির উচ্চতা এখনই সবচেয়ে কম।
প্রতিবেদনে বলা হয়, টুরিস্ট স্পটটিতে গিয়ে বিভিন্ন জন সেলফি পোস্ট করছেন। তাতে দেখা যাচ্ছে মাটি কিছু জায়গায় এতটাই শুকিয়ে গেছে যে কাদা ফেটে গেছে। হ্রদের অন্যান্য অংশে লেকের তলার মাটিতে গাছপালা বেড়ে উঠেছে, অঞ্চলটি এখন ঘাসের সমভূমির মতো দেখাবে।
ইত্তেফাক/এসএ
