বুড়িগঙ্গা পারাপারে ২০ টাকা টোল!

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০০:০৮

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর জাজিরা পয়েন্ট থেকে কেরানীগঞ্জ খোলামুড়াঘাট পর্যন্ত নদীর দু’পাড়ে প্রায় দু’শটি ঘাট রয়েছে। এই ঘাটগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ নদী পার হচ্ছেন। জনপ্রতি যাওয়া ১০ টাকা, আসা ১০ টাকা দু’বারে একজন যাত্রীকে প্রতিদিন ২০ টাকা টোল দিতে হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের রাজধানী থেকে পণ্য ট্রলার ও কার্গোযোগে নিতে ঘাটে দু’বার (মাল ওঠাতে ও নামাতে) অতিরিক্ত মাত্রায় টোল দিতে হচ্ছে।

একজন দিনমজুরের ক্ষেত্রে প্রতিদিন ২০ টাকা টোল দেওয়া কষ্টসাধ্য। ঘাট ইজারার নিয়ম হলো ঘাটের টোল দিলে ইজারাদাররা নিজস্ব নৌকা দ্বারা যাত্রীকে নদী পার করে দেবে এবং কোনো যাত্রীর ব্যস্ততা থাকলে তিনি ব্যক্তিগতভাবে রিজার্ভ নৌকায় নদী পার হতে পারবে। এ নিয়মগুলো দেশের সব জেলা ও থানা পর্যায়ে নৌকা ঘাট ইজারায় চালু থাকলেও খোদ রাজধানীতে এ আইন মানছে না ঘাট ইজারাদাররা। কোনো ঘাটেই ইজারাদারদের নিজস্ব কোনো নৌকা নেই। যাত্রীদের নিজস্ব ব্যবস্থায় নৌকা ভাড়া করে নদী পার হতে হচ্ছে। অথচ বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ ঘাট ইজারাদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এছাড়া নিয়ম হলো, হাতে বহন করা যায় এমন কোনো পণ্যের টোল নেওয়া যাবে না। কিন্তু দু’শটি ঘাটেই বাস্তবে এ নিয়ম মানা হচ্ছে না। হাতে ব্যাগ থাকলে তার জন্য আলাদা করে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত টোল নেওয়া হচ্ছে।

আশির দশকে এলাকাবাসী আন্দোলন করে মিটফোর্ড হাসপাতালের দুটি ঘাট রোগী ও ছাত্র-ছাত্রীদের পারাপারের জন্য টোলমুক্ত করে এবং সরকারও প্রতিবছর ঐ দু’ঘাট বাদ দিয়ে ইজারা আহ্বান করে। কিন্তু স্থানীয় এক প্রভাবশালী সরকারের আদেশ অমান্য করে অবৈধভাবে ঐ দু’ঘাট থেকে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। অভিযোগে জানা গেছে,  দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ট্রলার ও কার্গোযোগে নৌ-পথে রাজধানীর সোয়ারীঘাট, ইমামগঞ্জ, রাজার ঘাট, পানঘাট, বাবুবাজার, বাদামতলী, ওয়াজঘাট ও শ্যামবাজার ঘাটের ইজারাদাররা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। ব্যবসায়ীদের ডাবল টোল দিতে বাধ্য করছে তারা। ইজারাদাররা সরকার নির্ধারিত টোল আদায়ের নিয়মকে তোয়াক্কা না করে তাদের সুবিধামতো টোল আদায় করে নিচ্ছে। শরীয়তপুর ও পিরোজপুরের ব্যবসায়ী আব্দুস সালাম ও কবির হোসেন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘এ যেন মগের মুল্লুক। মালামাল নামাতে ও ওঠাতে দু’বার ইজারাদারদের চাহিদামতো আমাদের টোল দিতে হচ্ছে’।

অতিরিক্ত টোল আদায় নিয়ে সদরঘাট নৌ পুলিশ অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়টি দেখার দায়িত্ব বিআইডাব্লিউটিএ’র। তারাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারবেন। ঢাকা নৌ-বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন ইত্তেফাককে বলে তারা অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।