পুলিশ সেবা সপ্তাহ পালন

‘বেকার কমলে মাদক সন্ত্রাস দুর্নীতি জঙ্গিবাদ কমবে’

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০০:২৬

গাজীপুর প্রতিনিধি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, দেশে এখন ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকের সংখ্যা প্রায় ৫ কোটি ৩০ লাখ যাদের মাত্র দুই তৃতীয়াংশ হলো কর্মক্ষম। তাদের প্রত্যেককে কর্মমুখি হতে হবে। উদ্যোক্তা হতে হবে। তাহলে দেশে বেকারদের সংখ্যা কমে যাবে। বেকারদের সংখ্যা কমে গেলে সমাজে মাদক-সন্ত্রাস-দুর্নীতি-জঙ্গিবাদ কমে যাবে। তিনি গতকাল রবিবার দুপুরে টঙ্গী থানা চত্বরে আয়োজিত গাজীপুরে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার  মো. আজাদ মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, র্যাব-১-এর অধিনায়ক লে.কর্নেল মো. সারোয়ার-বিন-কাশেম, গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার মো. শরিফুল ইসলাম, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক, টঙ্গী থানার ওসি কামাল হোসেন প্রমুখ। পরে প্রতিমন্ত্রী দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।

‘দুর্যোগের দুঃসময়ে অহর্নিশ মানবতার পাশে আছে বাংলাদেশ পুলিশ’- এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে সারাদেশের মতো পালিত হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ। এ উপলক্ষে গতকাল সকালে জয়দেবপুর থানার সামনে থেকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শেখ রাসেলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

মানিকগঞ্জে শোভাযাত্রা, আলোচনা

মানিকগঞ্জ প্রতিনিধি জানান,মানিকগঞ্জে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ। এই উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ট্রাফিক পয়েন্টে সেবা সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন”— এই শ্লোগানে রবিবার বেলা ১১টায়  মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ট্রাফিক বক্সের সামনে থেকে জেলা পুলিশের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার মো:মহিউদ্দিনসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক হবিবর রহমান সরকারসহ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের অন্য সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নানান শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সদর থানা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনবান্ধব পুলিশকে সহযোগিতা করুন। খুব শিগগিরই মানিকগঞ্জ জেলা পুরোপুরি মাদকমুক্ত হবে। পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ যে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে পুলিশের কঠোর নজরদারি রয়েছে।

সাভারে পুলিশের শোভাযাত্রা

সাভার থেকে তুহিন খান জানান, সাভারে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে সাভার মডেল থানা পুলিশের উদ্যোগে সেবা সপ্তাহকে সফল করার জন্য একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সাভার মডেল থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ট্রাফিক পুলিশের শতাধিক সদস্য অংশ নেন।

র্যালি শেষে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, সেবা সপ্তাহের শুরুতেই আমরা থানা, ফাঁঁড়ি, ডিবি ও ট্রাফিক পুলিশের সদস্যদেরকে যথাযথ দিক নির্দেশনা দিয়েছি। পুলিশ জনগণের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত সেবা প্রদানে সচেষ্ট রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল হক, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি এএফএম সায়েদ ও ঢাকা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ আবুল হোসেন প্রমুখ।

নবাবগঞ্জে  শোভাযাত্রা

 দোহার-নবাবগঞ্জ সংবাদদাতা জানান, পুলিশ সেবা সপ্তাহ- ২০১৯ উপলক্ষে গতকাল দুপুরে নবাবগঞ্জ থানা পুলিশ বর্ণাঢ্য শোভাযাত্রা বের  করে।  নবাবগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মো. মোস্তফা কামালের নেতৃত্বে শোভাযাত্রায় ছিলেন ওসি তদন্ত মো. সাইফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এস এম সাইফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, শ্রমিকলীগের আহবায়ক আমির হোসেন কুটি, ইউপি চেয়াম্যান আব্দুল ওয়াদুদ মিয়া প্রমুখ।

সিরাজদিখানে সভা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, রবিবার দুপুরে জেলার সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। এ উপলক্ষে সিরাজদিখান থানা আঙ্গিনায় অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস.এম সোহরাব হোসেন, জেলা পরিষদ সদস্য মীর্জা হায়দার নেকবর, থানা অফিসার ইন-চার্জ ফরিদ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি কে.এন ইসলাম বাবুল, ওসি (তদন্ত) হাফিজ উদ্দিন প্রমুখ।