ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে বন্ধুদের সঙ্গে ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রাকিব হাসানের (১৭) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার হয়। এর আগে দুপুর ১টার দিকে শেখ হাসিনা ধরলা সেতুর ১৫০ গজ উত্তরে ৮/৯ জন বন্ধুসহ গোসল করতে নেমে রাকিব নিখোঁজ হয়। খবর পেয়ে কুড়িগ্রাম, নাগেশ্বরী ও ফুলবাড়ীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধরলা নদীতে তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে লাশ উদ্ধার করে। নিহত রাকিব হাসান পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার সদর উপজেলার শুকানদীঘি গ্রামের সাইদুল ইসলাম বুধুর ছেলে। এ ব্যাপারে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্সের উপসহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, প্রথমে ফুলবাড়ী ও নাগেশ্বরী টিম উদ্ধার কাজে অংশ নেয়। পরে দুপুর ৩টার দিকে কুড়িগ্রামের একটি টিম তাদের সঙ্গে যোগ দিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করে। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
