মাদ্রাসার পাশে মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষকদের হুমকি দিল বখাটেরা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০০:২৭

ইত্তেফাক রিপোর্ট

সাভারে একটি মাদ্রাসার পাশে মাদক সেবনে নিষেধ করায় মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মাদ্রাসার ছাত্রী ও শিক্ষকদের ভয়-ভীতি প্রদর্শন ও হুমকি দিয়েছে বখাটেরা। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

মাদ্রাসার পরিচালক এইচএম ইব্রাহীম খলিল জানান, স্থানীয় বখাটে আব্দুল মান্নান, জলিল, খোরশেদ, আবুল হোসেন, ওসমান, নাজমুলসহ ১০/১২ জন মাদকসেবী সাভার উত্তর চাপাইন এলাকায় অবস্থিত মাদ্রাসা-ই-বাগে জান্নাত এর পাশে বসে প্রায়ই মাদক সেবন করে আসছে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত বখাটেদের মাদ্রাসার পাশে মাদক সেবনে নিষেধ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উক্ত বখাটেরাসহ অজ্ঞাত ১০/১২ জন মাদ্রাসাটির মহিলা শাখার ভেতরে প্রবেশ করে মাদ্রাসার ছাত্রী-শিক্ষিকাদের বিভিন্ন ভয় ভীতি দেখায় এবং হুমকি দেয়। একই সাথে এ বিষয়ে আর কোনো বাড়াবাড়ি এবং আইনের আশ্রয় না নেওয়ার জন্যও শাসিয়ে যায়।