পুলিশি সেবা প্রাপ্তি সহজ করার লক্ষ্যে গতকাল রবিবার থেকে দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে পালিত হচ্ছে ‘পুলিশ সেবা সপ্তাহ’। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত এ সেবা সপ্তাহ চলবে। পুলিশ সেবা সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে- প্রত্যেক পুলিশ ইউনিটে র্যালি আয়োজন, পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণা, পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট বিতরণ, বাংলাদেশ পুলিশের বিগত বছরগুলোতে অর্জিত সাফল্য ও পুলিশি সেবা কার্যক্রম প্রদর্শন।
পুলিশ হেল্প লাইন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সেবা প্রাপ্তি, আইজিপি কমপ্লেইন সেল, নারী ও শিশুবান্ধব পুলিশিং, কমিউনিটি পুলিশিং ইত্যাদি সম্পর্কে জনগণকে অবহিত করা। জনবান্ধব পুলিশি সেবা প্রদানের জন্য ওপেন হাউজ-ডে আয়োজন, ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রদত্ত সেবা সম্পর্কে প্রচারণা, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা প্রদান, ইমিগ্রেশন পুলিশের আধুনিকায়ন এবং এর কার্যক্রমের ওপর প্রদর্শনী আয়োজন। পুলিশকে সহায়তা করা এবং পুলিশের সেবা গ্রহণের জন্য নাগরিকদেরকে অনুরোধ জানিয়েছে পুলিশ।
