কঠিন সংকট মোকাবিলায় প্রস্তুতির আহবান কিমের

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ০০:২৭

উত্তর কোরিয়ার নাগরিকদেরকে ‘কঠিন সংকট’ মোকাবেলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। এশিয়ার এ দেশটি ভয়াবহ খাদ্য ঘাটতি ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি, বিভিন্ন মানবাধিকার সংগঠনের এমন সতর্কবার্তার পর তার এ আহ্বান এলো। বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক সম্মেলনে কিম দেশের বর্তমান পরিস্থিতিকে গত শতকের শেষের দশকে দেশটিতে দেখা দেওয়া ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় উত্তর কোরিয়া তাদের সীমান্ত বন্ধ করে দেওয়ায় চীনের সঙ্গে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কারণে জাতিসংঘের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যই ছিল দেশটির ‘লাইফলাইন’। এনকে নিউজের উত্তর কোরীয় বিশেষজ্ঞ কলিন জোয়ারকো বলেন, ‘কঠিন সময়, সংকট এ ধরনের কথা বলা কিমের জন্য অস্বাভাবিক নয়। কিন্তু এবার তার ভাষা বেশ কড়া, এটাই পার্থক্য। —বিবিসি