তিন মাস পর মুক্তি পেলেন ব্যারিস্টার মইনুল হোসেন

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০০:৩২

মানহানির মামলায় গ্রেফতার হওয়ার তিন মাসের বেশি সময় পর জামিনে মুক্তি পেয়েছেন ব্যারিস্টার মইনুল হোসেন। গতকাল রবিবার রাত ৯টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বেরিয়ে আসেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশে বঙ্গবন্ধু মেডিক্যালে চিকিত্সাধীন ছিলেন মইনুল হোসেন। সেখান থেকেই তাকে মুক্তি দেওয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ২২ অক্টোবর রংপুরের একটি মানহানির মামলায় গ্রেফতার হন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল  হোসেন। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।

এর আগে গত  ১৩ জানুয়ারি ১৫টি মামলায় জামিন পান ব্যারিস্টার মইনুল হোসেন। পরে হাইকোর্টের  দেওয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর গত ১৭ জানুয়ারি নো অর্ডার (কোনও আদেশ নয়)  দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে গত ১৭ জানুয়ারি চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননি ‘নো অর্ডার’ আদেশ দেন। এর ফলে মানহানির অভিযোগে ঢাকা, শেরপুর, কুড়িগ্রাম, ভোলা, ঝিনাইদহ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কক্সবাজার, মাগুরা, নড়াইল, চট্টগ্রাম, যশোর ও নেত্রকোনায় দায়ের হওয়া মোট ১৫ মামলায় মইনুল হোসেনের মুক্তিতে আর কোনও বাধা থাকছে না বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা। সর্বশেষ গতকাল রাতে তিনি মুক্তি পেলেন।