সিরাজগঞ্জের কামারখন্দে খোকা শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে কামারখন্দ উপজেলার স্বল্প মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খোকা শেখ ওই গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম জানান, রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা খোকা শেখকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়ায় রেফার্ড করেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথে মারা যান খোকা।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, খোকা শেখকে হত্যার ঘটনায় রাতে তার মরদেহ থানায় আনা হয়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএএম
