মিয়ানমারে জান্তাবিরোধী সেনাজোটের হামলায় ১০ পুলিশ নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৫:৫৩

মিয়ানমারে জান্তা সরকারবিরোধী জাতিগত সেনাজোটের হামলায় ১০ পুলিশ নিহত হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দেশটির শান রাজ্যের নুনগোমন এলাকার থানায় ভোরবেলা এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

মিয়ানমারের অভ্যন্তরীণ গণমাধ্যমের বরাতে রয়টার্স বলেছে, এই জোটে আছে আরাকান আর্মি, ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মি। এদের যোদ্ধারাই এ হামলা চালিয়েছে। এ বিষয়ে কথা বলতে জান্তা সরকারের মুখপাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল ব্যাক করেননি।

১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের জের ধরে সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সহিংসতা বাড়ার সাথে সাথে প্রায় এক ডজন সশস্ত্র গোষ্ঠী জান্তাকে অবৈধ বলে নিন্দা করেছে এবং প্রতিবাদকারীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া নাগরিক আইন প্রণেতারা, যাদের বেশিরভাগই ক্ষমতাচ্যুত হওয়ার পরে আত্মগোপনে রয়েছেন, তারা একটি জাতীয় ঐক্য সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন। 

ইত্তেফাক/এসএ