ভ্যাকসিন নিলেন ক্রিকেটাররা
স্পোর্টস রিপোর্টার
দেশে, দেশের বাইরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থতার মিছিলে সরব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ফরম্যাটে টানা আট ম্যাচে জয়শূন্য দল, সঙ্গত কারণেই তোপের মুখে হেড কোচ রাসেল ডমিঙ্গো। আসন্ন শ্রীলঙ্কা সফরে তাই ডমিঙ্গোর পারফরম্যান্সেও বিশেষ নজর থাকবে বিসিবির। চাপটা নিশ্চিতভাবেই টের পাচ্ছেন ডমিঙ্গো। কয়েক দিনের ছুটি কাটিয়ে শুক্রবার রাতেই ঢাকায় ফিরেছেন এ প্রোটিয়া কোচ।
ঢাকা ফিরে গতকাল সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে হাজির হন ডমিঙ্গো। মাঠে আসার আগে করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন তিনি। গতকাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দ্বিতীয় ডোজ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে থাকা ২১ ক্রিকেটারের সিংহভাগই ভ্যাকসিন নিয়েছেন। কয়েক জন যারা বাকি আছেন, তারা আজ ভ্যাকসিন নিয়ে নিবেন। বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন। গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা।
গতকাল দ্বিতীয় ডোজ নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তাসকিন আহমেদ। ডানহাতি এ পেসার গতকাল বলেছেন, ‘আমরা আজ (গতকাল) সেকেন্ড ডোজ নিলাম ভ্যাকসিনের। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এরকম সুযোগ দেওয়ার জন্য। নিজেরা যদি সচেতন না হই আমরা, এই পরিস্থিতি দিনের পর দিন খারাপ হতেই থাকবে। তো আমরা সচেতন থাকার চেষ্টা করছি আর আহ্বান জানাচ্ছি আপনারা সচেতন থাকেন। নিজে সচেতন হোন এবং দেশকে বাঁচান।’ আজ তামিম ইকবাল, সৌম্য সরকারের মতো অনেক ক্রিকেটারের ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন হয়ে গেছে।
লঙ্কাগামী বিমানে চড়ার আগে আজ মিরপুর স্টেডিয়ামে শেষদিন অনুশীলন করবে বাংলাদেশ টেস্ট দল। হেড কোচ ডমিঙ্গোর তত্ত্বাবধানে সকাল থেকে পুরোদমে অনুশীলন চলবে। আগামীকাল দুপুর সাড়ে ১২টায় দেশ ছাড়বে মুমিনুল হকের দল। শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল। কলম্বোয় দলের সঙ্গে যোগ দিবেন ফিল্ডিং কোচ রায়ান কুক।
