করোনায় আক্রান্ত আকরাম খান

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:০৬

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের থাবায় জর্জর দেশের ক্রিকেটাঙ্গন। অনেক চেষ্টার পর শুরু হলেও ঘরোয়া ক্রিকেট বন্ধ হয়ে গেছে। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিসিবি পরিচালক, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। শরীরে করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। শুক্রবারই করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।

শরীরে করোনা ধরা পড়লেও এখন সুস্থ আছেন আকরাম খান। তবে খুব প্রবল না হলেও হালকা কিছু উপসর্গ রয়েছে তার শরীরে।

সংবাদমাধ্যমকে গতকাল নিজের শারীরিক অবস্থান জানিয়ে তিনি বলেছেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। করোনা পরীক্ষার পর গতকাল (শুক্রবার) নমুনা দিয়েছিলাম আর গতকালই (শুক্রবার) রিপোর্ট হাতে পেয়েছি। আমার শরীরের অবস্থা এখন ভালো। তবে ঠান্ডা ও গলাব্যথা আছে। আর নিজ বাসাতেই আইসোলেশনে আছি।’

বাংলাদেশের ক্রিকেটে জীবন্ত কিংবদন্তি আকরাম খান। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।