গানে নাচে কথায় ‘বিশ্ব জুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ উত্সব উদ্যাপন

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০০:২০

পদক্ষেপ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্ব জুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উত্সব’। গতকাল শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার  প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও বর্ণিল বেলুন উড়িয়ে এ উত্সবের উদ্বোধন হয়। ধানমন্ডি ৩২ থেকে শিখা চিরন্তন পর্যন্ত উত্সব শোভাযাত্রার পর সকাল ১০টায় পদক্ষেপনিউজ ডটকমের স্টুডিও থেকে অনলাইন ব্রডকাস্টিংয়ের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বাণী পাঠের মাধ্যমে উত্সবের কার্যক্রম শুরু হয়।

ভার্চুয়াল উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন পদক্ষেপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ‘বিশ্ব জুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উত্সব’-এর সেক্রেটারি জেনারেল বাদল চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন পদক্ষেপ বাংলাদেশের উপদেষ্টা কবি আসাদ চৌধুরী, গৃহায়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পুলক কান্তি বড়ুয়া, টিউলিপ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাইয়ুম চৌধুরী, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমীন। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ও ‘বিশ্ব জুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উত্সব’-এর চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন পদক্ষেপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ‘বিশ্ব জুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উত্সব’-এর ট্রেজারার জান্নাতুন নিসা।

উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন অঙ্কিতা দাশগুপ্ত। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ, সংগীতশিল্পী আরিফ রহমান, অলোক দাশগুপ্ত, প্রত্ন পীযূষ। আবৃত্তি পরিবেশন করেন প্রবীর পাল, শামীম মহিউদ্দিন, নাঈমা রুম্মান রুমা, প্রখর পীযূষ। কবিতা পাঠ করেন কবি তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সজল মনির, মল্লিকা বিশ্বাস ও পুলক কান্তি বড়ুয়া।