‘যমরাজের’ পোশাক পরে মানুষকে সচেতন করছে পুলিশ!

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৫:২০

ভারতজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বাড়ছে। প্রতিদিনই নতুন শনাক্ত ও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর রেকর্ড পূর্বের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু অধিকাংশ স্থানে এখনো মানুষ সচেতন হচ্ছে না। তাই জনসাধারণকে সচেতন করতে ব্যতিক্রমি উদ্যোগ নিলো মধ্যপ্রদেশ পুলিশ। মৃত্যুর পৌরাণিক দেবতা ‘যমরাজের’ পোশাকে রাস্তায় ঘুরে মানুষকে সচেতন করছে তারা।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, মধ্যপ্রদেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ৬০ ঘণ্টার কঠোর লকডাউন জারি করেছে রাজ্য সরকার। গতকাল শনিবার সন্ধ্যা থেকে এই লকডাউন শুরু হয়েছে। যা শেষ হবে আগামীকাল সোমবার সকাল ৬টায়। কিন্তু মানুষ সেটি মানতে চাচ্ছেন না। তাই তাদের সচেতন করতে রাস্তায় নেমেছে মধ্যপ্রদেশ পুলিশ।

সেই লক্ষ্যে সনাতন ধর্মের মৃত্যুর পৌরাণিক দেবতা ‘যমরাজের’ পোশাক পরিধান করে পুলিশের প্রধান কনস্টেবল জওহর সিং জাদাউন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর মানুষকে সচেতন করছেন। 

বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, এই পোশাকটি পরার উদ্দেশ হচ্ছে মানুষকে কোভিড-১৯ এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা। পাশাপাশি তাদেরকে এটা বিশ্বাস করানো যে, যদি করোনা বিধি মানতে ব্যর্থ হয় তাহলে জীবন হারাতে হতে পারে।

প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ২ হাজার ৪২৬ জনের শরীরে মরণব্যাধী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৩ জন মানুষ।

ইত্তেফাক/টিএ