সরাইলে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার তিন

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:০৮

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সরাইলে শতাধিক ভরি স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় শুক্রবার সকালে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো- ছাইদুল, এমরান ও বণিকপাড়ার বাসিন্ধা বাবুল বণিক। তবে ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কারের ব্যাগটি এখনো উদ্ধার হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় সরাইল বিকাল বাজারের হাজী সুপার মার্কেটের ‘আপন স্বর্ণ শিল্পালয়ের’ মালিক তপন বণিক ব্যাগ ভর্তি স্বর্ণালঙ্কার নিয়ে রিকশায় করে বণিকপাড়া বাড়ির উদ্দেশে রওনা দেন। সঙ্গে ছিল তার ছোট ছেলে বিষ্ণু। এ সময় বড় দেওয়ানপাড়া মোতালিব মিয়ার বাড়ির সামনে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা হেলমেট পরা তিন মোটর সাইকেল আরোহী রিকশা থামায়। এরপর মরিচের গুঁড়া লাগিয়ে ও তপন বণিকের মাথায় আঘাত করে শতাধিক ভরি স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

সরাইল থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অধিকতর তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ চলছে।