ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বড় বোনের মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:০৪

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে বড় বোন মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। গতকাল রবিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঐ শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিক্ষার্থী গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। সে লাধুরচর হাফিজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী। এলাকাবাসী জানায়, উপজেলার গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার তার চাচাতো ভাই রাফিকে নিয়ে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত রাফি নদীর পানিতে তলিয়ে যেতে থাকে। একপর্যায়ে সুমাইয়া আক্তার তার ভাই রাফিকে বাঁচানোর চেষ্টা করে। রাফিকে বাঁচিয়ে সুমাইয়া আক্তার নিজেই পানিতে তলিয়ে যায়।