ইমার্জিং দলের টানা চতুর্থ জয়

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:০৯

স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী দলটা তুলনামূলকভাবে অনভিজ্ঞ। বাংলাদেশ সফরে এসে বলার মতো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারছে না দলটি। তাদের বিরুদ্ধে জয়রথ অব্যাহত রয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দলের। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে গতকাল টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ব্যাট হাতে সেই জয়ের ভিত গড়ে দিয়েছেন চলমান সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করা বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে প্রোটিয়াদের ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। ৪-০ তে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা। করোনার কারণে আগামীকাল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ না খেলেই আজ বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল।  গতকাল বাংলাদেশ বিশ্রামে পাঠিয়েছিল জাহানারা আলম, রুমানা আহমেদকে। দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দিলেও জয় তুলে নিতে সমস্যা হয়নি। টস জয়ী স্বাগতিকরা ৫০ ওভারে ৪ উইকেটে ২৩৬ রান তুলেছিল। ১৬ রানে শারমিন সুলতানা (১০) বিদায় নিলে ইনিংসের পঞ্চম ওভারে উইকেটে আসেন নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় উইকেটে মুর্শিদা খাতুনের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন তিনি। পরপর দুই ওভারে মুর্শিদা ও পিংকি ফিরলে ১০৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারির সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন জ্যোতি। একপ্রান্ত আগলে পুরো ইনিংস খেলে গেছেন বাংলাদেশের অধিনায়ক। ১৩২ বলে ৮টি চার ও ১টি ছয়ে অপরাজিত ১০১ রান করেন জ্যোতি। বড় টার্গেট তাড়া করতে নেমে ৪৬.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় সফরকারী দল। বস্ক ইনিংস সর্বোচ্চ ৬৩, স্টেইন ১২, সাঙ্গাসে ১১ রান করেন। বাংলাদেশের ফাহিমা খাতুন ২৯ রানে ৪টি, সালমা ২টি, রিতু মনি-নাহিদা আক্তার-লতা মণ্ডল ১টি করে উইকেট পান। সেঞ্চুরিয়ান জ্যোতি ম্যাচ সেরা হন।