গাইবান্ধায় সুদের টাকার জন্য জুতা ব্যবসায়ী হাসান আলীকে (৪৫) হত্যার অভিযোগে রবিবার বিকালে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ঐ মামলায় গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান মামলা রেকর্ড ও রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে জানান, সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। দীর্ঘ শুনানিশেষে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি বলেন, ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা হিসেবে এই মামলা রুজু করা হয়। মামলার বাদি নিহতের স্ত্রী বিথী বেগম এই মামলায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানাসহ তিন জনকে আসামি করেছেন।
এদিকে রবিবার দুপুরে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দাদন ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সদর থানার ওসির অপসারণসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে জেলা শহরের ডিবি রোডে ‘গাইবান্ধাবাসী’র ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বিকালে নিজ সংগঠন কার্যালয়ে প্রতিবাদ সভা করেছে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
এদিকে পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ী হাসানকে দাদন ব্যবসায়ী মাসুদ রানার হাতে তুলে দেওয়ার অভিযোগ তদন্তে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রাহাত গাওহারীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুপুরে নিজ কার্যালয়ে প্রেস প্রিফিংয়ে গাইবান্ধার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ কথা জানান। এছাড়া অভিযুক্ত মাসুদ রানাকে কেন্দ্রীয় কমিটির নির্দেশে দল থেকে অব্যাহতি প্রদান করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডেকে তাকে অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে গত শনিবার দুপুরে পুলিশ ব্যবসায়ী হাসান আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
