বাংলাদেশ থেকে সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল আগামী মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে জরুরি, কার্গো ও স্পেশাল ফ্লাইট চলাচল করবে। গতকাল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্মকর্তারা জানান, করোনা মহামারির ঊর্ধ্বগতি প্রতিরোধে আগামী বুধবার থেকে দ্বিতীয় দফায় দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এ কারণে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। এর আগে গত ৫ এপ্রিল থেকে লকডাউনের কারণে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, ১৪ এপ্রিল থেকে সাত দিন যাত্রীবাহী সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। লকডাউনের প্রজ্ঞাপন আসার পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বেবিচক। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে গত বছরের ‘৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে ও সবশেষ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। ১ জুন থকে স্বাস্থ্যবিধিসহ নানা বিধিনিষেধ বেঁধে দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়।
