মিষ্টির স্বাদে

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২১:৩০

করোনার প্রভাবে এই বৈশাখ ঘরে কাটানোর প্রস্তুতি নিয়েছেন সবাই। তাই বিকেলের নাস্তায় ঘরেই তৈরি করতে পারেন মিষ্টিজাতীয় খাবার। ভিন্ন স্বাদের এই রেসিপি দুটি দিয়েছেন আনজুমান আরা রোজী

ভাপা পুলি 

 

উপকরণ :পুরের জন্য— নারকেল কুড়ানো ২ কাপ, খেজুরের গুড় ১ কাপ, চালের গুঁড়া ২ টেবিল চামচ (হালকা টেলে নেওয়া), এলাচি গুঁড়া ১/২ চা চামচ।

ডো’র জন্য— চালের গুঁড়া (আতপ চাল) ৩ কাপ, ময়দা ১ কাপ, পানি ৩ কাপ, সয়াবিন তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি :নারকেল কোড়ানো, খেজুরের গুঁড়, টেলে নেওয়া চালের গুঁড়া, এলাচি গুঁড়া একসঙ্গে জ্বাল দিতে হবে। আঠালো হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। একটি হাড়িতে পানি নিয়ে তাতে অল্প লবণ ও তেল দিয়ে ফোটাতে হবে। ফুটে উঠলে চালের গুঁড়া ও আধা কাপ ময়দা দিয়ে নাড়তে হবে। ভালোভাবে নেড়ে মিশে গেলে চুলা থেকে নামিয়ে একটু ঠাণ্ডা করে ডো বানাতে হবে। যদি কিছুটা নরম থাকে ময়দা মিশিয়ে ঠিক করতে হবে। অনেকক্ষণ মথে একটা মসৃণ ডো বানাতে হবে। এবার ছোট ছোট করে গোল চ্যাপ্টা রুটির মতো বানিয়ে নিয়ে মাঝে নারকেলের তৈরি করা মিশ্রণ কিছুটা দিয়ে দুই মাথা বন্ধ করে দিতে হবে। হাতে বানাতে না পারলে পিঠার ছাঁচেও বানাতে পারেন। এবার স্টিমারে ৩০ মিনিট বা পিঠা না হওয়া পর্যন্ত স্টিম করতে হবে। স্টিমার না থাকলে হাঁড়িতে পানি দিয়ে তার উপর ছিদ্র করা পাতিল রেখে পিঠা সিদ্ধ করতে দিন। সিদ্ধ হয়ে গেলে একটি চালুনিতে রেখে বাতাসে ছড়িয়ে দিন।

ক্রিমি পায়েস

উপকরণ :দুধ ১ লিটার, সরু চাল ১০০ গ্রাম, দারুচিনি ১ ইঞ্চি, এলাচ ৩টি, তেজপাতা ২টি, চিনি স্বাদমতো, বাদাম, ক্রিম ১ কাপ, লবণ সামান্য। 

প্রণালি :প্রথমে দুধ ঘন করে জ্বাল দিয়ে নিতে হবে। এক লিটার দুধের জন্য ১০০ গ্রাম চাল নিতে হবে। চালটা ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে দুধ জ্বাল দিতে হবে। দুধ যখন ফুটতে থাকে, তখন চাল ও লবণ দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর চাল ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং একটু পর পর নেড়ে দিতে হবে যেন চাল হাঁড়ির তলায় লেগে পুড়ে না যায়। চাল সিদ্ধ হয়ে গেলে একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে যেন চালগুলো আধাভাঙ্গা হয়। এবার ক্রিম যুক্ত করুন। সবকিছু ভালোভাবে মিশে গেলে নামিয়ে কিসমিস ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।