নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:০৯

লালপুর (নাটোর) সংবাদদাতা

২ লক্ষ ৪৮ হাজার ২শ মেট্রিক টন আখ মাড়াই করে ১৮ হাজার ৬২০ মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গতকাল শুক্রবার বিকালে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৮-২০১৯ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। এ মৌসুমে ১৫১ কার্যদিবসে চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭.৫ ভাগ।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমানের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মিলের আখ মাড়াই মৌসুম শুরু হয়।  এতে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সিপি আকতার হোসেন, প্রধান রসায়নবিদ আব্দুল হামিদ, লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক হামিদুল ইসলাম, মহাব্যবস্থাপক সৈয়দ আবু বকর, মহাব্যবস্থাপক সাইফুল্লাহসহ মিলের কর্মকর্তা, শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা ।

সুগার মিল সূত্রে জানা গেছে, এ বছর মিলের নিজস্ব জমিসহ মিল জোনের মাঠে ২২ হাজার ৪০ একর জমিতে আখের আবাদ হয়েছে।