বরিশাল অফিস
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। করোনা ওয়ার্ডে এখনো চিকিত্সাধীন আছেন ১৫২ জন। যার মধ্যে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মোট পরীক্ষার ৩১ দশমিক ২৮ ভাগ।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিত্সায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। এই সময়ে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৮ জন। ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডে চার জন আক্রান্তসহ উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে হাসপাতালের একজন নার্সিং সুপারভাইজার (মাছুমা বেগম) রয়েছেন। তিনি গত ২৭ মার্চ আক্রান্ত হয়ে করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিলেন। গতকাল সোমবার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডের ১২টি আইসিইউ বেডের সবগুলোতে রোগী ছিল। আরো অন্তত ২৫ জন রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলেও বেড খালি না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন তারা। করোনা ওয়ার্ডে মোট শয্যা ১৫০টি। গত বছরের ১৭ মার্চ শের-ই বাংলা মেডিক্যালে নতুন করোনা ইউনিট চালুর পর এই প্রথম শয্যা সংখ্যার বেশি রেকর্ডসংখ্যক ১৫২ জন রোগী ভর্তি হলো।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মনিরুজ্জামান বলেন, শয্যার চেয়ে রোগী সংখ্যা বেশি হওয়ায় তাদের চিকিত্সা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার-নার্সদের।
