আজ মঙ্গলবার সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ দেশে শুরু হবে পবিত্র মাহে রমজান। আর বাংলাদেশে রমজান কবে থেকে শুরু হবে তা জানা যাবে আজ মঙ্গলবার। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের কোনো স্থান থেকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া যে কেউ চাইলে নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরেও সরাসরি যোগাযোগ করতে পারবেন। টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে। সৌদি আরবের আকাশে রবিবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে সৌদিতে গতকাল সোমবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে।
চলতি বছর উত্তর গোলার্ধের মুসলমানদের গ্রীষ্মের দীর্ঘদিনগুলোতে রোজা রাখতে হবে। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিশর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও আজ মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।
