ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হতে চাইলে

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২১:১৫

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট দাঁতের সমস্যার চিকিত্সায় ডেন্টিস্টকে সাহায্য করেন। পাশাপাশি ল্যাবরেটরিতে টেকনিশিয়ানের দায়িত্বও পালন করতে হয় তাকে।

এক নজরে একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট

সাধারণ পদবী:ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, বিভাগ :স্বাস্থ্য ও চিকিত্সা, প্রতিষ্ঠানের ধরন :সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম, পেশার ধরন :ফুল-টাইম, পার্ট-টাইম, লেভেল :এন্ট্রি, এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা :০-২ বছর, এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন :৮,০০০ থেকে ১৪,০০০, এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা :২০ থেকে ২৫ বছর, মূল স্কিল :দাঁত-মুখের গঠন ও চিকিত্সা সংক্রান্ত জ্ঞান, দাঁতের চিকিত্সায় দরকারি যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা, মেডিকেল ল্যাব রিপোর্ট বোঝার সাধারণ দক্ষতা, বিশেষ স্কিল :সেবার মানসিকতা থাকা, ধৈর্য, গভীর মনোযোগ।

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট কোথায় কাজ করেন?

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে, বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে, আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনীর চিকিত্সা বিভাগে, ব্যক্তিগত ক্লিনিকে।

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের কাজ কী?

দাঁত বাঁধানো, উঠানো, স্কেলিং, ফিলিংসহ দাঁতের বিভিন্ন চিকিত্সায় ডেন্টিস্টকে সাহায্য করা, ডেন্টিস্টকে সার্জারির সময় সাহায্য করা, চিকিত্সার যন্ত্রপাতি প্রস্তুত রাখা ও প্রয়োজন অনুযায়ী ডেন্টিস্টকে সরবরাহ করা, চিকিত্সার যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা, ডেন্টাল ল্যাবে কাজ করা, ডেন্টিস্টের তত্ত্বাবধানে ছোটখাটো সমস্যার চিকিত্সা দেয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হলে প্রাথমিক দাঁতের চিকিত্সা প্রদান করা, প্রাইভেট চেম্বারের রক্ষণাবেক্ষণ ও আগত রোগীদের তত্ত্বাবধান করা।

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্টকে অবশ্যই ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারী হতে হবে। এছাড়া স্নাতক পর্যায়ে বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টিস্ট্রি) ডিগ্রির সুযোগ আছে।

একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

দাঁতের সমস্যা সম্পর্কিত সাধারণ জ্ঞান, স্বাস্থ্যবিধি সংক্রান্ত জ্ঞান, দাঁতের চিকিত্সায় দরকারি সাধারণ যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা, দাঁতের ডাক্তারের পরামর্শ সঠিকভাবে বোঝা ও সে অনুযায়ী রোগীর পরিচর্যা করা, ল্যাব রিপোর্ট বোঝার জন্য প্রয়োজনীয় জ্ঞান।

কোথায় পড়বেন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হতে চাইলে?

বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সরকারি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির সংখ্যা মোট ৮টি। এগুলো ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্রগ্রাম, রংপুর, বরিশাল, সিলেট, ঝিনাইদহে অবস্থিত।

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (BUP) অধীন আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত বেসরকারি মোট ১০০টির বেশি প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি ডিগ্রি দেওয়া হয়।

ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি পাশের পর ঢাকা, রাজশাহী ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি স্নাতক পর্যায়ের বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টিস্ট্রি) ডিগ্রি নিতে পারেন।