স্বাদে ভিন্নতা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:৩০

রেসিপিগুলো দিয়েছেন বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও রন্ধনশিল্পী আয়শা ফারজানা

 

 

স্টিম চিকেন মালাই কোফতা

 

উপকরণ :মুরগির কিমা ২ কাপ, কাবাব মসলা ১ চা চামচ, আদাবাটা ও রসুনবাটা আধ চা চামচ করে, জিরা গুঁড়া আধ চা চামচ, ডিমের সাদা অংশ ১টি, পাউরুটি ২ টুকরা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুঁচি।

গ্রেভির জন্য :তেল ও ঘি আধ কাপ করে, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, বাটা পেঁয়াজ ২ টেবিল চামচ, মিষ্টি দই আধ কাপ, আদাবাটা ১ চা চামচ, রসুনবাটা ১ চা চামচ, এলাচ ও দারুচিনি গুঁড়া আধ চা চামচ, মরিচ গুঁড়া সামান্য, নারিকেল দুধ ১ কাপ, কাঁচামরিচ ৩-৪টি, তেঁতুলের মাড় সামান্য।

প্রণালি :কিমার সঙ্গে সব উপকরণ মেখে বলের মতো কোফতা বানাতে হবে। কড়াইয়ে পানি গরম করে ৫-৬টি কোফতা পানিতে দিয়ে ২ মিনিট ঢেকে রাখতে হবে। জমে অন্য রঙ হলে তুলে প্লেটে রাখতে হবে। এভাবে সব ভাপ দিতে হবে। অন্য পাত্রে তেল ও ঘি গরম করে দুধ ও বেরেস্তা বাদে গ্রেভির সব উপকরণ দিয়ে কষাতে হবে। কষানো হলে নারিকেল দুধ ও কাঁচামরিচ দিন। ফুটে উঠলে কোফতাগুলো দিয়ে ওপরে বেরেস্তা দিন। স্বাদ বাড়ানোর জন্য সামান্য তেঁতুলের মাড় দিন। মাঝারি আঁচে রেখে তেল ভেসে উঠলে নামিয়ে নিন। দারুণ মজাদার এই কোফতা যা পোলাও, পরাটা বা রুটির সঙ্গে পরিবেশন করা যায়।

 

 

সারপ্রাইস লিভার কাটলেট

 

উপকরণ :সিদ্ধ আলু ম্যাস করা ৪টি, গাজর কুঁচি গ্রেট করা ২টি, বরবটি সিদ্ধ ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুঁচি ২-৩টি, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, হলুদ সামান্য, ডিম ২ টি, ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া, ভাজার জন্য তেল।

পুরের জন্য :লিভার ৫০০ গ্রাম ছোট টুকরা করা। আদাবাটা ১ চা চামচ, রসুনবাটা ১ চা চামচ, পেঁয়াজ কুঁচি আধ কাপ। জিরাবাটা আধ চা চামচ, তেল সামান্য, লবণ। সব উপকরণ কষিয়ে লিভার সিদ্ধ করে রাখতে হবে।

প্রণালি :সব সবজি ও আলু হালকা ম্যাস করে নিন। এতে ডিম তেল ও ব্রেডক্রাম্ব বাদে সব উপকরণ মেশান। এরপর হাতে নিয়ে প্রতিটির ভিতরে ২ চা চামচ লিভারের পুর দিয়ে বিভিন্ন শেপের কাটলেট বানিয়ে নিন। এরপর ডিমে চুবিয়ে, ব্রেডক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে ভাজুন। পোলাও বা যেকোনো সস দিয়ে বিকেলের নাস্তায় খেতে দারুণ মজাদার এই কাটলেট।

 

ইলিশের পেঁয়াজি রেজালা

 

 

উপকরণ :ইলিশ মাছের পেটি ৬ টুকরা, পেঁয়াজ কুঁচি ১ কাপ, হলুদ গুঁড়া আধ চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৪-৫টি, লেবুর রস ১ চা চামচ, চিনি ২ চা চামচ, তেল পরিমাণমতো, লবণ।

প্রণালি :প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি দিন। কম আঁচে ভাজতে থাকুন যেন নরম হয়ে যায়। নরম হলে পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া ও লবণ দিন। কিছুক্ষণ ভুনতে হবে অল্প পানি দিয়ে। এবার একটা কাঁচামরিচ চিড়ে দিন। তারপর ১ কাপ পানি দিন। পানি ফুটে উঠলে মাছের পিসগুলো দিয়ে ঢেকে দিন। ২-৩ মিনিট পরে চিনি, লেবুর রস, আস্ত কাঁচামরিচ দিয়ে একটু ঝাঁকিয়ে নিন। একটু ঝোল ঝোল রেখে নামিয়ে নিন।

বরিশালের মায়েরা ইলিশ মাছ কাটলে পেটিগুলো আলাদা করে রাখেন কম মসলায় তৈরি সুস্বাদু, ঐতিহ্যবাহী, টক-মিষ্টি এই রেজালা তৈরির জন্য। এটা শুধু মাছের পেটি দিয়েই হয়।