অতিথির জন্য ডেজার্ট

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:৩১

রেসিপিগুলো দিয়েছেন লুভা’স ক্রিয়েশন-এর স্বত্বাধিকারী ও রন্ধনশিল্পী শারমিন আলী লুভা

 

চকলেট মুজ

উপকরণ :চকলেট কুকিজ ১৫টি, হুইপড ক্রিম (লিক্যুইড) ১ কাপ, ডার্ক কুকিং চকলেট আধ কাপ, হোয়াইট কুকিং চকলেট আধ কাপ, বাটার ৩০ গ্রাম, চকলেট ওয়েফার ৩-৪টি (সাজানোর জন্য)।

প্রণালি :প্রথমে চকলেট কুকিজগুলো গুঁড়া করে নিয়ে বাটারের সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। এখন একটা বোলে হুইপড ক্রিম ইলেকট্রিক বিটার দিয়ে হাই স্পিডে বিট করে ফোম করে নিতে হবে। এবারে এই ফোম থেকে কিছু অংশ আরেকটি বোলে নিতে হবে। এরপর একটি বোলে রাখা হুইপড ক্রিমের সঙ্গে ডার্ক চকলেট এবং আরেকটি বোলে রাখা হুইপড ক্রিমের সঙ্গে হোয়াইট চকলেট মেশাতে হবে। ডেজার্ট গ্লাসগুলোতে নিচের লেয়ারে বাটার মেশানো কুকিজ গুঁড়া ২ টেবিল চামচ করে দিন। এর ওপরের লেয়ারে হুইপড ক্রিম ও ডার্ক চকলেটের মিশ্রণটি ২ টেবিল চামচ দিন। তার ওপরের লেয়ারে হুইপড ক্রিম ও হোয়াইট চকলেটের মিশ্রণটি ১ টেবিল চামচ দিন। এরপর ওয়েফারগুলো ভেঙে ওপরে দিয়ে ফ্রিজে ২ থেকে ৩ ঘণ্টা রেখে ঠাণ্ডা করে এরপর পরিবেশন করতে হবে।

 

বেকড পুডিং

উপকরণ :ডিম ৫টি, দুধ (লিক্যুইড) ২ কাপ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, ভেনিলা অ্যাসেন্স ২ চা চামচ, চিনি ১ কাপ, বাদাম কুঁচি (সাজানোর জন্য) ইচ্ছেমতো।

প্রণালি :প্রথমে মোল্ডে অল্প পরিমাণ চিনি দিয়ে চুলায় মাঝারি আঁচে ক্যারামেল করে নিতে হবে। এরপর ক্যারামেল কিছুক্ষণ রেখে দিতে হবে ঠাণ্ডা হওয়ার জন্য। এখন একটা বোলে ডিম, দুধ, ভেনিলা অ্যাসেন্স ও চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার মোল্ডের ক্যারামেল ঠাণ্ডা হয়ে গেলে ডিমের সঙ্গে মেশানো দুধ, ভেনিলা অ্যাসেন্স এবং চিনির মিশ্রণটি ঢেলে ইলেকট্রিক ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৩০ মিনিট বেক করতে হবে। পুডিং ঠাণ্ডা হয়ে গেলে ওপরে বাদাম কুঁচি দিয়ে পরিবেশন করতে হবে।

নো বেক মিনি চিজকেক

উপকরণ :মেরি বিস্কুট ১৫টি, বাটার ৩০ গ্রাম, হুইপড ক্রিম (লিক্যুইড) ১ কাপ, গুঁড়া দুধ আধ কাপ, রেডিমেড ক্রিম চিজ আধ কাপ, কনডেন্সড মিল্ক আধ কাপ, চেরি (সাজানোর জন্য) ইচ্ছেমতো।

প্রণালি :প্রথমে মেরি বিস্কুটগুলো গুঁড়া করে নিয়ে বাটারের সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। এখন একটা বোলে হুইপড ক্রিম ইলেকট্রিক বিটার দিয়ে হাই স্পিডে বিট করে ফোম করে নিতে হবে। এবারে এই ফোমের সঙ্গে ক্রিম চিজ, গুঁড়া দুধ এবং কনডেন্সড মিল্ক নিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। সব উপকরণ ভালোভাবে বিট হয়ে গেলে ডেজার্ট গ্লাসগুলোতে নিচের লেয়ারে বাটার মেশানো মেরি বিস্কুট গুঁড়া ২ টেবিল চামচ করে দিয়ে এর ওপরের লেয়ারে হুইপড ক্রিমের সঙ্গে ক্রিম চিজ, গুঁড়া দুধ এবং কনডেন্সড মিল্ক মেশানো মিশ্রণটি ৩ টেবিল চামচ করে দিতে হবে। এরপর ওপরে ইচ্ছেমতো চেরি দিয়ে ফ্রিজে ২ থেকে ৩ ঘণ্টা রেখে ঠাণ্ডা করে তারপর পরিবেশন করতে হবে।