৩য় ইন্টারন্যাশনাল ওয়েভার ফেস্টিভ্যাল আগামী ১ ফেব্রুয়ারি

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:৩৩

আগামী ১ ফেব্রুয়ারি বনানীর রাজউক মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় ইন্টারন্যাশনাল ওয়েভার ফেস্টিভ্যাল ২০১৯। দেশের রুগ্ন বয়ন ও তাঁতশিল্পকে পুনরুজ্জীবিত করা ও তাঁতি সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং এর মধ্য দিয়ে এই শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই আয়োজন। বিগত দুই বছর সফলতার সাথে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের উত্সবে প্রদর্শিত হবে দেশের প্রথম সারির ডিজাইনারসহ খ্যাতনামা আন্তর্জাতিক ডিজাইনারদের ডিজাইনকৃত তাঁতের পোশাক। সাথে থাকবে দেশ বরেণ্য কিছু আইকনের ফ্যাশন প্যারেড এবং সংগীতশিল্পীদের সংগীত পরিবেশনা। উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী এএইচএম মোস্তফা কামাল (লোটাস কামাল)। বরেণ্য ফ্যাশন ডিজাইনার ও ফেস্টিভ্যাল চেয়ারপারসন টুটলি রহমান বলেন, ‘৩য় বারের এই আয়োজনে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। এবারের উত্সবে ফ্যাশন ড্রামা, ফ্যাশন ফিউশন থাকছে। বাংলাদেশের তাঁতশিল্পে বিশেষ অবদান রাখার জন্য আদিবাসী তাঁতিদের আজীবন সম্মাননা জানানো হবে। সেই সাথে এবারই প্রথম বাংলাদেশ হেরিটেক ক্র্যাফট ফাউন্ডেশন এই উত্সবে অন্তর্ভূক্ত হচ্ছে।’ উত্সবে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন স্টলে বিভিন্ন তাঁত সামগ্রী প্রদর্শনী ও বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে। এবারের উত্সবে মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, ব্রডকাস্ট পার্টনার এটিএন বাংলা।