হেফাজতে ইসলামের নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নায়েবে আমিরের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান বলেন, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফীর মতো মহান নেতৃত্বের শূন্যতা অনুভব করছি। তার মৃত্যুর পর হেফাজতে ইসলামে সংকট তৈরি হয়েছে। গ্রুপিং, দলাদলি সৃষ্টি হয়েছে। হেফাজতে ইসলাম এখন কিছু ব্যক্তির ‘নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের একটি প্ল্যাটফরম’ হয়ে দাঁড়িয়েছে। বিষয়গুলো বিবেচনা করে আমি হেফাজতে ইসলামের নায়েবে আমির পদ থেকে ইস্তফা প্রদান করলাম।মোহাম্মদ হাসান বলেন, এখন থেকে আমার সংগঠন বাংলাদেশ ফরায়েজী আন্দোলন স্বাধীন সার্বভৌম রক্ষার্থে ইসলাম ও দেশ জাতির কল্যাণে এককভাবে প্রয়োজনীয় সব কর্মসূচি গুরুত্ব সহকারে পালন করে যাবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো ধরনের কর্মকাণ্ডের দায় আমি ও আমার দলের ওপর বর্তাবে না।
