আফগানিস্তান থেকে আগামী ১১ সেপ্টেম্বরের আগে সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা। মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী পহেলা মের মধ্যে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট বাইডেন সিদ্ধান্তের বিষয়ে আরো অপেক্ষা করতে চান এবং উপদেষ্টাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। তবে প্রেসিডেন্ট বাইডেন মনে করেন না যে, আফগানিস্তানে দীর্ঘদিন ধরে মার্কিন সৈন্যদের অবস্থান করা উচিত। সিনিয়র কর্মকর্তা জানান, ন্যাটো সৈন্যদেরও একই সময়ে প্রত্যাহার করা সম্ভব। আর এজন্য ১১ সেপ্টেম্বরই উপযুক্ত সময়। টুইন টাওয়ারে হামলার ২০তম বার্ষিকীর আগেই সৈন্য প্রত্যাহার করার পরিকল্পনা আছে। তবে প্রত্যাহারের প্রক্রিয়ার সময় সৈন্যদের ওপর তালেবান হামলা চালালে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করাও হতে পারে। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন সৈন্য প্রত্যাহার করতে চান, তবে বাস্তব অবস্থা বিবেচনা করে। আফগানিস্তানে এখন আড়াই হাজার সৈন্য রয়েছে। তবে সেখানে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীতে কত সৈন্য আছে তা জানা যায়নি। এদেরকে আড়াই হাজারের মধ্যে ধরা হয় না।
