এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:৪১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

মো. কবির হোসেন সুজন,সিনিয়র প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা রইল। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।

 

উদ্দীপক ঃ পৃথিবীর উন্নত ম্যানগ্রোব বনের মধ্যে সুন্দরবন একটি। এই সুন্দরবন বাংলাদেশের দেশীয় ঐতিহ্যকে নতুনভাবে পরিচিত করে তোলে। এই সুন্দরবনের শ্যালা নদীতে একটি তৈলবাহী ট্যাংকার ডুবে যায়। উক্ত ট্যাংকারে প্রায়  ৫০ লক্ষ টন তৈল ছিল। ট্যাংকার ডুবার সাথে সাথে তৈলসমূহ পানিতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে উক্ত পানি ঢেউয়ের সাথে আবার উঁচু জায়গার বিভিন্ন ধরনের গাছে এসে পড়ে। এই তৈলবাহী ট্যাংকার ডুবাতে সুন্দরবনের পানি,মাটি.বায়ু, মাছ,গাছপালা এমনকি নদীর তলদেশে প্রকৃতিক সম্পদসমূহ ক্ষতিগ্রস্থ হয়। জাহাজের উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য চট্টগ্রাম সমুদ্র বন্দর হতে উদ্ধারকারী জাহাজ রুস্তম এবং মংলা সমুদ্র বন্দর হতে হামজা  ছুঁটে গেলেও যেতে সময় বেশি লেগে যাওয়াতে সমগ্র তৈলের প্রায় ৬০% পানিতে ছড়িয়ে পড়ে। তবে রুস্তম এবং হামজার সক্ষমতা খুব বেশি না হওয়ায় উদ্ধার অভিযান বিলম্ব হয়। তখনই যথাযথ কর্তৃপক্ষ আরো উন্নত উদ্ধারকারী জাহাজ আমদানীর কথা ভাবছে। তবে  নৌযানের ফিটনেস আইন না মানার কারণে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে।   

ক) ব্যবসায় পরিবেশ কী?                                                                                   

খ) শিল্প বলতে কি বুঝায়?                                                                                                                       

গ) উপরের উদ্দীপকে ক্ষতিগ্রস্থ বন কোন ধরনের ব্যবসায় পরিবেশের অন্তর্গত? আলোচনা কর।        

ঘ) উদ্দীপকে রুস্তমের ব্যর্থতার কারণে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা কি কোন ব্যবসায় পরিবেশের অন্তর্গত বলে তুমি মনে কর?  তোমার মতামত দাও।       

উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর ঃ যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ  গঠিত ও পরিচালিত হয়ে থাকে তাকে ব্যবসায় পরিবেশ বলে।

উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর ঃ  যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ করে এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে।

শিল্পকে উত্পাদনের বাহন বলা হয়। কারণ শিল্পের মাধ্যমে উত্পাদন প্রক্রিয়া শুরু হয়। এটি ব্যবসায়ের একটি মৌলিক শাখা। মানুষের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্য বা সেবাসামগ্রী উত্পাদন করাই শিল্পের কাজ। তাই অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ হলো এই শিল্প। এই শিল্পের আবার বিভিন্ন শ্রেণিবিভাগ রয়েছে। যেমন: প্রজনন শিল্প,নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প.যান্ত্রিক শিল্প ও সেবা পরিবেশক শিল্প। প্রাথমিক শিল্প নামে আরো এক প্রকার শিল্প রয়েছে যা প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়।

উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর : উপরের উদ্দীপকে ক্ষতিগ্রস্থ বন সামাজিক পরিবেশের অন্তর্গত। কোন জাতীর জনসংখ্যা,তাদের ধর্ম বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, শিক্ষা-সংস্কৃতি, রীতিনীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতায় গড়ে উঠে তাকে সামাজিক পরিবেশ বলে। উপরের উদ্দীপকে পৃথিবীর অন্যতম ম্যানগ্রোব বন হলো সুন্দরবন। এই সুন্দরবন যেমন আমাদের প্রকৃতিকে লালন করে তেমনি আমাদের দেশের জীব বৈচিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এক বিরাট ভূমিকা পালন করে। তাই এটি আমাদের দেশীয় ঐতিহ্যের এক বিরাট অংশ। এই সুন্দরবনে যেমনি রয়েছে অসংখ্য গাছ গাছালী, তেমনি রয়েছে বণ্য প্রাণীদের অভয় অরণ্য, অবাদে বিচরণের একটি বিশাল রাজ্য। তেমনি দর্শনীয় স্থান হিসাবেও এর একটি পরিচিতি রয়েছে। সেই হিসাবে এটি আমাদের দেশীয় ঐতিহ্যকে হাজার বছর ধরে লালন করে আসছে। তাই এটি সামাজিক পরিবেশের অন্তর্গত। ।

 উদ্দীপকে ঘ নং প্রশে্র উত্তর ঃ উদ্ধারকারী জাহাজ রুস্তমের সক্ষমতা কম হবার কারণে আমাদের প্রযুক্তিগত পরিবেশের দুর্বলতা ফুটে উঠেছে। তাই এটি প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত।

কোনো দেশের বিজ্ঞান, কারিগরি শিক্ষা, গবেষণাধর্মী প্রতিষ্ঠান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,প্রযুক্তির ব্যবহার ও আমদানী ইত্যাদি মিলিয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে।

উপরের উদ্দীপকে সুন্দরবনের মাঝ দিয়ে বয়ে যাওয়া শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবে যাওয়াতে সুন্দরবনের ব্যাপক  ক্ষতি হয়। পাশাপাশি এটি উদ্ধারের চেষ্টা চালানো হয়। সেই হিসাবে উদ্ধারকারী জাহাজ রুস্তম ছুঁটে আসে। কিন্তু উক্ত উদ্ধারকারী জাহাজের সক্ষমতা বেশি না হওয়াতে যথাযথ কর্তৃপক্ষের প্রচেষ্টা থাকা সত্ত্বেও কম সময়ে ক্ষতিগ্রস্থ ট্যাংকার উত্তোলন করতে রুস্তম ব্যর্থ হয়। এটা আমাদের প্রযুক্তির আধুনিকায়নের ব্যর্থতা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। কারণ আরো সমক্ষমতা সম্পন্ন উদ্ধারকারী জাহাজ যদি থাকতো তাহলে খুব কম সময়ে এটি উত্তোলন করা সম্ভব হতো। তাহলে এতে ক্ষয় ক্ষতির পরিমাণ আরো কম হতে পারতো।  তাই যথাযথ কর্তৃপক্ষ আরো সক্ষমতা সম্পূর্ণ প্রযুক্তি আমদানীর চিন্তা ভাবনা করছেন। তাই এটি প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত। উদ্দীপকের আলোকে দেরীতে হলেও  আমাদের আরো উন্নত আধুনিক প্রযুক্তি আমদানীর কথা কর্তৃপক্ষ অনুধাবন করতে পেরেছে। কারণ নদীমাতৃক বাংলাদেশে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে এবং এতে আমাদের প্রাণহানি সহ প্রাকৃতিক সম্পদের ক্ষয়-ক্ষতিসহ বিপুল পরিমাণে সম্পদ নষ্ট হয়ে থাকে। তাই এই ধরনের সিদ্ধান্ত একটি যৌক্তিক এবং যুগপোযোগী সিদ্ধান্ত এবং এতে প্রযুক্তিরযুগে আমরা প্রযুক্তিক্ষেত্রে আরো অনেক এগিয়ে যাবো বলে আমাদের বিশ্বাস।