পাঁচবিবিতে ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৮:০২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভাত রান্না করার প্রস্তাব দিয়ে ধর্ষণ করেছে ছাইদুল রহমান (৪০) নামে এক যুবক। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ধর্ষককে আটক করেছে।

মামলা সূত্রে জানা যায়, জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়া মহল্লার মহিলাটি নতুন হাটে এক হোটেলের কাজ করার সুবাদে পাঁচবিবি উপজেলার খাসবাট্টা (ছবোপাড়া) গ্রামের মৃত মালেকের ছেলে ছাইদুলের সাথে পরিচয় হয়। করোনা পরিস্থিতিতে হোটেল বন্ধ হয়ে যাওয়ায় অন্য কোথাও কাজ পাইয়ে দেওয়ার অনুরোধ করে সেই যুবককে। নদী খননকারীদের ভাত রান্না করার কথা বলে সে মঙ্গলবার বিকেলে মহিলাটিকে ডেকে আনে। ছাইদুল সেই নারীকে নিয়ে বিভিন্নস্থানে ঘুরে রাতে পাটাবুকা গ্রামের একটি বাগানে জীবন নাশের হুমকি দিয়ে ধর্ষণ করে। এঘটনায় পরের দিন বুধবার বিকেলে মহিলাটি পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেছে। 

থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইনে মামলা হয়েছে এবং ধর্ষক ছাইদুলকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম