তোমাকেই বলি

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:০৯

সানজিদা আখতার

 

ঘুরে ফিরে তোমার কাছেই আসি

তোমাকেই বলি এই সপ্তকাহন

হূদয়ের রক্তক্ষরণ আর অশ্রুনদীর ইতিকথা।

 

আমার অন্তর্গত এক কুশীলব

হাসে-কাঁদে কথা কয় একাকী ঘুমের মগ্ন চৈতন্যে,

যাবতীয় দুঃখ-সুখের হদিস মিলে যায়

বিপন্ন নিসর্গে ঝরে পড়ে হূদয়ের যত অর্ঘ্য

তোমার দুহাতে। ফেলে দিয়ে চলে যাও উদাস পথিক

তোমার জন্যে আছে পথ, আছে আরও সুদৃশ্য সৈকত

দিগন্তের সীমানা পেরিয়ে আছে উধাও আকাশ...

 

একদিন আমিও হারিয়ে যাবো দেখে নিও

তোমার দুহাতে আর থাকবে না আমার হূদয়,

এই নিঃসঙ্গ তমসার পথ মাড়িয়ে যাবো নক্ষত্রের দেশে

বিদগ্ধ অন্তর ছাই হয়ে উড়বে তোমার করতলে...

 

তবু আজ, আজকের মতো

ঘুরেফিরে তোমার কাছেই আসি

তোমাকেই বলি এই সপ্তকাহন...