করোনামুক্ত পহেলা বৈশাখে

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:০৯

মারুফ রায়হান

 

খুব ভোরবেলা আমরা বেরিয়ে পড়ব দু’জন

আমাদের পথে-পথে তখন একাত্তরের সুবাস, বর্ণমালার পাপড়ি

মৃদুমন্দ হাওয়ার ভেতর রতিশ্রান্ত পাখির মতো মুখ তুলবে তোমার আঁচল

আমাদের কল্পনার গহিন অতলে ভালোবাসার সন্তানের পবিত্রতম মুখ

রমনার বটমূল গেয়ে ওঠার আগেই তোমার রঙধনু চুড়ি গাইবে গুনগুন

আমার মুঠোর ভেতর তোমার হাত ঘামবার ছলে হূদয়ের সিক্ততা শোনাবে

তোমার কপালে সদ্যফোটা সূর্যের সঙ্গে পুবের ওই লাল টিপ মিলিয়ে দেখব

ততক্ষণে টিএসসিতে তারুণ্যের রাঙা পোস্টার ঝলসে উঠেছে

কোথাও কোনো উঠতি হেফাজতি ছায়া নেই, মৌলবাদ চুলোয় গেছে

শাহবাগের সব দ্রোহী ও প্রেমিক ক্যামেরাম্যানের লক্ষ্য আমাদের যুগলবন্দি

গোটা ময়দানে, রাজপথে এত প্রেমময় আর সংকল্পবদ্ধ জুটি আর নেই

তোমার মুখের হাসিতে তখন জ্বলজ্বল করবে

বাংলা নববর্ষ আর পহেলা বৈশাখ