ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের ক্ষতি পোষাতে ভ্যাকসিন সংগ্রহসহ তিন প্রকল্পে ১০৪ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৮ হাজার ৮৪০ কোটি টাকা। এ লক্ষ্যে সম্প্রতি অর্থায়ন চুক্তি সই হয়েছে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই তিন প্রকল্পে অর্থায়ন চুক্তি সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ং টিমবন। কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস শিরোনামে চলমান প্রকল্পে বাড়তি ৫০ কোটি ডলার (৪ হাজার ২৫০ কোটি টাকা) ঋণ চুক্তি হয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশের ৫ কোটি ৪০ লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে সার্বিক স্বাস্থ্য খাতের উন্নয়নসহ জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো হবে। এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়া নির্ভর করছে ভ্যাকসিন কার্যক্রম কত দ্রুত এগুচ্ছে তার ওপর। এর মাধ্যমে দক্ষতা ও কর্মক্ষমতা বাড়ানো সম্ভব।
