নতুন ছবির অপেক্ষায়...

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২০:৫৫

মূল ধারার বানিজ্যিক চলচ্চিত্র না করলেও ঢালিউডে চঞ্চলের জনপ্রিয়তার কোনো কমতি নেই চঞ্চল চৌধুরীর। বছরে একাধিক ছবি না থাকলেও চলচ্চিত্র ক্যারিয়ারে ধারাবাহিকতা রয়েছে তার। ‘আয়নাবাজি’ ছবিতে তার বাজিমাত করার পর ‘দেবী’ দিয়ে আবারো দর্শকদের মন জয় করে নিয়েছেন এই অভিনেতা। প্রতিটি ছবিতেই রয়েছে তার ভিন্ন ধরনের উপস্থাপনা। পাশাপাশি নিজের অভিনয়ের মুন্সিয়ানা দিয়ে ঢাকাই ছবিতে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। নতুন বছর শুরু হওয়ার প্রায় এক মাস হতে চললো। অন্যান্য চলচ্চিত্র তারকা যখন নতুন ছবি নিয়ে ব্যস্ত সেই সময় ভক্তদের অপেক্ষা এ বছর আরো একটি চমক দেখাবেন চঞ্চল। ভক্তদের সেই আশাও হয়তো শিগগিরই পুরণ হতে যাচ্ছে। কারণ নতুন ছবি নিয়ে প্রাথমিক কথা শুরু হয়েছে এরইমধ্যে। যেহেতু চঞ্চল সবসময় ভিন্ন ধারার গল্প ও চরিত্রে অভিনয় করেন সেই জায়গা থেকে এ বছরের ছবিটিও তেমনটাই হতে যাচ্ছে বলে জানা যায়। জনপ্রিয় নাট্য নির্মাতা মেজবাউর রহমান সুমনের প্রথম ছবিতে দেখা যেতে পারে চঞ্চলকে। তেমনটাই কথা চলছে এখন। চঞ্চল এই প্রসঙ্গে বলেন, ‘ছবিটি নিয়ে এখনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। তবে সুমনের ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে। কারণ গল্পটা আমার পছন্দ হয়েছে। আমরা এই নিয়ে কথা বলছি। চূড়ান্ত হলে বিষয়টি সবাই জানতে পারবেন।’