লকডাউন দিয়ে বিরোধী দল দমনে ক্র্যাকডাউনে নেমেছে সরকার ------------ ফখরুল

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২২:৫৫

লকডাউনের নামে বিরোধী দল দমনে ‘ক্র্যাকডাউনে’ নেমেছে সরকার—এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা ভাইরাসের এই মহাদুর্যোগের মধ্যেও সরকার বিরোধী দলের প্রতি আরো হিংস  হয়ে উঠেছে। পবিত্র রমজানের মধ্যে এই লকডাউনকে কেন্দ্র করে তারা একটা ক্র্যাকডাউনে নেমেছে। তারা সব বিরোধী দলের নেতাকর্মী, আমাদের দলের নেতাকর্মী, অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করছে, হয়রানি করছে, মিথ্যা মামলা দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, করোনার ভয়াবহতা মোকাবিলায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার আরো বেশি আগ্রাসি পথ অবলম্বন করে বিরোধী দলকে নিঃশেষ করার কর্মসূচি গ্রহণ করেছে। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সরকার নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারের এই ফ্যাসিবাদী নিষ্ঠুর আচরণের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, বর্তমানে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় আক্রমণে বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দুর্যোগের কাছে মানুষের অর্থ, অস্ত্র, ক্ষমতা মিথ্যা প্রমাণিত হয়েছে। করোনা সংক্রমণে মৃত্যুভয় সবাইকে জড়সড়ো করে ফেলেছে। প্রতিদিন মৃত্যু পরোয়ানা নিয়ে মানুষের দুয়ারে হাজির হচ্ছে প্রাণঘাতী করোনা। দ্বিতীয় ধাপের করোনা সংক্রমণে গত কয়েক দিনে বাংলাদেশে মানুষের মৃত্যুর তালিকা লম্বা হয়েই যাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা ভাইরাসকে যদি এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ না করা যায় তবে তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে।