পরীক্ষামূলকভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জোবাইক সেবা চালু

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:০৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে দেশের প্রথম বাইসাইকেল শেয়ারিং সেবাদান প্রতিষ্ঠান জোবাইক।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘ই’ এর সামনে জোবাইক সেবার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।  উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং অধ্যাপক মঞ্জুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় জোবাইকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জোবাইক-এর প্রতিষ্ঠাতা মেহেদী রেজা, সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহার কুদরত খান, বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ইসাতিয়াক আহমেদ, অপারেশন ম্যানেজার শিউলি আক্তারসহ আরো অনেকে।

শাবিপ্রবির শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে উপভোগ করতে পারবেন জোবাইক সেবা। পরীক্ষামূলকভাবে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যবহার করা যাবে জোবাইক-এর সেবা।

সেবাটি প্রহণের জন্য আগ্রহীদেরকে প্রথমেই গুগুল প্লে-স্টোর থেকে জোবাইকের মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে রেজিস্টার্ড ইউজার হতে হবে। বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীরাই জোবাইকের সেবা গ্রহণ করতে পারবেন। তবে অচিরেই এর আইওএস ভার্সন চলে আসবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।