শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল

গাজীপুরে স্বাস্থ্যবিধি না মেনে করোনার টিকা, ঝুঁকিতে সাধারণ রোগী

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০২:৪৫

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার টিকা নিতে আসা মানুষ কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক হাজার লোক আসছেন প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালটিতে টিকা নিতে আসা লোকজন কোনো প্রকার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না। আর এর জন্য সচেতনতামূলক কোনো প্রচারণাও নেই। সবাই আগেভাগে টিকা নেওয়ার জন্য হুড়োহুড়ি করছেন।

দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা মাস্টার বাড়ি এলাকার দেলোয়ার হোসেন বাদল জানান, এখানে করোনা ভাইরাসের টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস বহন করে বাসায় নিয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে। হাজার হাজার মানুষ টিকা নিতে এসেছে কিন্তু কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানছে না। সামাজিক দূরত্ব না মেনে ঘেষাঘেষি করে সিরিয়ালে দাঁড়িয়ে ও বসে আছে লোকজন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের পরিচালক ডা. মো. হাফিজ উদ্দিন জানান, করোনার টিকা দেওয়ার দায়িত্ব মূলত সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগের। হাসপাতালে তাদের কেবল মাত্র স্থানটি ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, করোনার টিকা নিতে আসা লোকজনের মধ্যে কে করোনা ভাইরাস বহন করছেন তা বলা মুশকিল। এ হাসপাতালেও করোনার ইউনিট রয়েছে। একই রাস্তা দিয়ে করোনার রোগীদের আসা যাওয়া। টিকা নিতে আসা লোকদের আসা যাওয়া এবং হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের আসা যাওয়া করার কারণে হাসপাতালের লোকজন এবং রোগীর স্বজনরাও করোনার ঝুঁকিতে রয়েছেন। করোনার টিকা দেওয়ার জন্য হাসপাতালের তিনটি ফ্লোর ব্যবহার করা হচ্ছে। সকলের স্বার্থে করোনার টিকা দেওয়ার জন্য হাসপাতালের বাইরে পৃথক কোনো স্থান ব্যবহার করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

ইত্তেফাক/জেডএইচডি