ভারতের কর্নাটকে দ্বন্দ্ব শুরু হয়েছে কংগ্রেস এবং জেডিএস-এর মধ্যে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে এখনও মুখ্যমন্ত্রী হিসাবেই মানেন বলে জানিয়েছেন এক কংগ্রেস বিধায়ক। আর তাতে মেজাজ হারিয়েছেন জেডিএস নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। পদত্যাগ করবেন বলে হুমকিও দিয়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকা
সোমবার বেঙ্গালুরুতে একটি সংবাদ সংস্থার মুখোমুখি হন কুমারস্বামী। কংগ্রেস বিধায়কের মন্তব্য নিয়ে মতামত জানতে চাইলে কুমারস্বামী বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু করার নেই। তবে জোটের কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম অতিক্রম করছে ওরা। কংগ্রেসের উচিত, দলীয় বিধায়কদের সামলানো। নইলে ওদেরই ক্ষতি হবে। এমন চলতে থাকলে, পদত্যাগ করতেও আমি প্রস্তুত।’ সিদ্দারামাইকে মুখ্যমন্ত্রী মানেন বলে রবিবার একটি অনুষ্ঠানে মন্তব্য করেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী সি পুট্টারঙ্গ। তা নিয়েই ঝামেলার সূত্রপাত কংগ্রেস ও জেডিএস-এর মধ্যে। পুট্টারঙ্গ বলেছিলেন, ‘সিদ্দারামাইয়ার কাছে আমি ঋণী। চিরকাল ওঁকেই মুখ্যমন্ত্রী মানব।’ বিষয়টি সামনে আসতেই তেড়েফুঁড়ে ওঠে জেডিএস। কিন্তু কারও ব্যক্তিগত মতামত নিয়ে ঝামেলা পাকানো উচিত নয় বলে পরিস্থিতি সামাল দিতে দেখা যায় কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা জি পরমেশ্বরকে।
পুট্টারঙ্গের মতো তিনিও সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী মানেন বলে যদিও মন্তব্য করেননি পরমেশ্বর। তবে সিদ্দারামাইয়াকে কর্নাটকের সেরা মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেন। সেই সঙ্গে জানান, ‘কুমারস্বামীর বিরুদ্ধে কারও কোনো অভিযোগ নেই। তবে কংগ্রেস পরিষদীয় নেতা সিদ্দারামাইয়া। তার প্রতি শ্রদ্ধাশীল দলের নেতারা। ওই বিধায়ক নিজের আবেগ প্রকাশ করেছেন মাত্র। তা ছাড়া কারও ব্যক্তিগত মতামত নিয়ে আপত্তি থাকা উচিত নয়।’
