সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৭:৫৫

রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ির ধাক্কায় মোস্তফা (৪০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এই ঘটনায় আহত রিকশা আরোহী হরেন্দ্র দাস (৭০) ঢাকা মেডিকেল মেডিকেল (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। 

জানা গেছে, নিহত মোস্তফা রাজধানীর টিটিপাড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা এলাকায়। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর মোস্তফা পরিবারের কারো সঙ্গে যোগাযোগ রাখতনে না। তিনি একাই ঢাকায় থাকতেন।   
 
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস উদ্দিন জানান, শুক্রবার সকালের দিকে রিকশাচালক মোস্তফা যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিবির বাগিচা এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ি তার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন। এসআই জানান, ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিডফোর্ট) মর্গে পাঠানো হয়েছে। 

আহত রিকশা আরোহী হরেন্দ্র দাস জানান, কোনাপাড়া যাওয়ার পথে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় রিকশাচালক স্পটেই মারা যান। এতে তার মাথায় ও ডান হাতে আঘাত লেগেছে। পরে তিনি ঢামেক হাসপাতালে যান।  ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে সিটি করপোরেশেনের একটি ময়লার গাড়ির আগুন নেভায় তাদের দুটি ইউনিট। শুনেছি, স্থানীয়রা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।


ইত্তেফাক/এসজেড