ময়মনসিংহ প্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ সংবাদদাতা
ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌরশহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার বড়হিত ইউনিয়নের পোড়াহাতা গ্রামের বাসিন্দা শাকিল মিয়া (২৪) ও জাটিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে জাকিরুল ইসলাম (১৩)। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, জাকিরুল ইসলাম ও শাকিল মিয়া মোটরসাইকেল করে শর্শী এলাকায় শাকিলের মামার বাড়িতে যাচ্ছিলেন। পৌর শহরের ব্র্যাক অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে রাত ১০টার দিকে শাকিল মিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাত ১২টার দিকে জাকিরুল মারা যায়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
