আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে জনসাধারণকে লকডাউন মানাতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। নির্বাহী অফিসার জানান, শুক্রবার ছিল লকডাউনের তৃতীয় দিন। এই দিনে উপজেলা প্রশাসনের পক্ষে আড়াইহাজার বাজার, গোপালদী, বালিয়াপাড়া, বগাদী, রামচন্দ্রদী, সিটি মার্কেটসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান, সরকারি নির্দেশ পালন করতে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছেন। লকডাউন মেনে চলতে তিনি জনসাধারণকে আহ্বান জানান।
এদিকে আড়াইহাজার থানার ওসি তদন্ত আনিচুর রহমান মোল্লার লকডাউন চলাকালে উপজেলার ছনপাড়া, পুরিন্দা, পাঁচরুখী ও আড়াইহাজার বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় থানার এসআই সজীব উপস্থিত ছিলেন।
