আগে ফ্রান্সে ‘এজ অফ কনসেন্ট’ বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সম্মতির ন্যূনতম বয়স ছিল ১৫ বছর। তার নিচে কারো সঙ্গে সম্পর্কে জড়িত থাকার অভিযোগ এলে আইনজীবীদের প্রমাণ করতে হতো, সম্মতি ছাড়া সেই সম্পর্ক হয়েছে। তা হলেই তা ধর্ষণ বলে স্বীকৃত হতো। এবার আইন কড়া করা হলো। এখন থেকে ১৫ বছর বয়সিদের নিচে শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ বলে চিহ্নিত হবে। এই বিলটি সর্বসম্মতিতে পার্লামেন্টে পাশ হয়েছে। এর আগে তা উচ্চ কক্ষেও অনুমোদিত হয়েছিল। এরপর বিচারমন্ত্রী বলেছেন, আমাদের বাচ্চাদের জন্য ঐতিহাসিক আইন হলো—কোনো প্রাপ্তবয়স্ক আর সম্মতির ভিত্তিতে ১৫ বছরের কম বয়সিদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে পারবে না। তবে আইনে একটি রোমিও অ্যান্ড জুলিয়েট ধারা রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে পাঁচ বছর পর্যন্ত বড়রা সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক গড়ে তুললে তাকে ধর্ষণ বলা হবে না। কিন্তু যৌন নিগ্রহ করলে শাস্তি পেতে হবে।—ডয়চেভেলে
