ছাতকে জলমহাল শুকিয়ে মত্স্য আহরণ বোরো চাষাবাদে ক্ষতিগ্রস্ত কৃষক

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৪

ছাতকে জলমহাল শুকিয়ে মত্স্য আহরণ করায় জলমহাল সংলগ্ন বোরো জমিতে চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। জলাশয় শুকিয়ে মাছ শিকার মত্স্য নীতিমালা পরিপন্থি হওয়ায় জলমহাল ইজারাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পৃথক দুটি অভিযোগ করা হয়েছে। উপজেলার ভাতগাঁও ইউনিয়নের পাগনার পাড় জলমহালের ইজারাদার জালিয়া গ্রামের তৈমুছ আলীর ছেলে মিরাশ আলীর বিরুদ্ধে এসব অভিযোগ দেয়া হয়। গত ২৪ জানুয়ারি পাগনার পাড় গ্রামের মনিরউদ্দিনসহ ৩৬ জন কৃষকের স্বাক্ষর সম্বলিত অভিযোগ থেকে জানা যায়, সোনার তরী মত্স্য সমবায় সমিতির নামে লিজ নেয়া পাগনার পাড় জলমহাল সম্প্রতি পাম্প দিয়ে পানি শুকিয়ে মত্স্য আহরণ করা হচ্ছে। সমিতির সভাপতি মিরাশ আলী ২০০৯ সালের জলমহাল নীতিমালা ভঙ্গ করে জলাশয় শুকিয়ে মত্স্য আহরণ করেছেন। এতে জলমহাল সংলগ্ন অন্তত দু’শ’ কেদার বোরো জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় পড়েছে কৃষকরা। সেচের অভাবে এসব বোরো জমি চাষাবাদ নিয়ে চরম বিপাকে পড়েছে এখানের কৃষক। ইতোমধ্যে একশ’ কেদার জমিতে বোরো চাষ করা হলেও পানি সেচের সংকট সৃষ্টি হয়েছে এসব জমিতে। আরো একশ’ কেদার জমি পর্যাপ্ত পানি সেচের অভাবে চাষাবাদ করা যাচ্ছে না। এতে বিল পাড়ের কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় কৃষকরা।