রাজশাহী মহানগরীতে পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ সমর্থক রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কাউন্সিলরসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ৩টার দিকে নগরীর হেতমখাঁ শাহাজিপাড়ায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানায় পরিদর্শক (তদন্ত) নিত্যপদ দাস আহত হন।
আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় ঘটনাকে কেন্দ্র করে শাহাজিপাড়া এলাকার সাকিব ও রতনের সাথে কাউন্সিলর তজুর লোকজনের বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে তজুর সহযোগীরা সাকিব নামের এক ব্যক্তিকে মারধর করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
সোমবার বিকালে সাকিব হাসপাতাল থেকে ফিরে কাউন্সিলর তজুর সহযোগীদের ওপর তার লোকজন নিয়ে হামলা করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় কাউন্সিলর তজু ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিত্যপদ দাস আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অতিরিক্তি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মেসে থাকা কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে ঘটনার সঙ্গে জড়িত না থাকার সত্যতায় তাদের ছেড়ে দেয় পুলিশ।’
এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় কাউন্সিলর তজু ও তার সহযোগীসহ ৫ জনকে আটক করা হয়েছে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউন্সিলর তজুকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছিল।
আরও পড়ুনঃ হাসপাতালে এমপির হঠাৎ পরিদর্শন, চিকিৎসক ছিলেন ৫ জন
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
ইত্তেফাক/নূহু
