লক্ষ্মীপুরে মসজিদ-মাদ্রাসার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৬

কমলনগর উপজেলার চর শামছুদ্দীন জাহেরিয়া ইসলামিয়া মাদ্রাসার ৩ একর জমি স্থানীয় চর মার্টিন ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া ভাইয়ের নেতৃত্বে জবর দখল করার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাজী জয়নাল আবেদীন, জব্বার মিয়া, আবদুর রব মাঝী, মনির আহমেদ, অভিভাবক সিরাজ মিয়া, ফয়েজ আহম্মদ, আবদুস সহিদ, আবদুল কাদের, আবুল কাশেম দুলাল প্রমুখ।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট ওসমান গণি বলেন, দীর্ঘদিন থেকে ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী (মিয়া ভাই) মাদ্রাসার জমি দখল করার পাঁয়তারা করে আসছিল। গতকাল রবিবার তার লোকজনকে দিয়ে মাদ্রাসার ৩ একর জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করে জবর দখল করেন। এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

চর মার্টিন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান বলেন, আমিও অত্র মাদ্রাসার ছাত্র ছিলাম। একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য উক্ত কুচক্রি মহল মাদ্রাসার জমি দখল করে।  প্রতিবাদ না করার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা এলাকাবাসী এহেন হীন কাজের জোর প্রতিবাদ জানাচ্ছি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আবু ছালেহ মোহাম্মদ নূর বলেন, চর শামছুদ্দীন ইসলামিয়া দাখিল মাদ্রাসা কমপ্লেক্সটিতে মসজিদ, নুরানী দ্বীনিয়া মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। এ দ্বীনি প্রতিষ্ঠান থেকে গত ৪৩ বছরে বহু ছাত্র-ছাত্রী শিক্ষা গ্রহণ করে দেশ সেবার কাজে নিয়োজিত রয়েছে। মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকেই উক্ত কুচক্রি মহল বিভিন্নভাবে মাদ্রাসার পাঠদানে বেঘাত সৃষ্টি করে আসছে। শেষ গত রবিবার মাদ্রাসার ৩ একর জমি তারা দখল করেছে। উক্ত দ্বীনি প্রতিষ্ঠান রক্ষায় ও প্রতিষ্ঠানের জমি উদ্ধারে আমরা জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।