উপজেলা পরিষদ নির্বাচন

কামারখন্দে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আগামী মার্চ মাসে শুরু হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। আপাতত ভোটারদের দ্বারে না গেলেও আওয়ামী লীগের টিকেট পাওয়ার জন্য লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। বিএনপির কোনো প্রার্থীকে মাঠে দেখা না গেলেও আওয়ামী লীগের রয়েছে এক ডজনের উপরে প্রার্থী। উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লার চায়ের দোকানগুলোতেও ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা, কে হচ্ছেন উপজেলা নির্বাচনে নৌকার মাঝি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচার-প্রচারণা ও দোয়া এবং সহযোগিতা কামনা। উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখ, মালয়েশিয়া আওয়ামী লীগ (প্রস্তাবিত) কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেন মুকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাছিম সরকার হাকিম।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য সেলিম রেজা সেলিম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবু, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা শাহীন রেজা শাহীন। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা ওয়াজেদ মেরীনা। সব মিলিয়ে কামারখন্দ উপজেলায় বইছে উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া।