দেলদুয়ারে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ যতই এগিয়ে আসছে চেয়ারম্যান প্রার্থীরা ততই গণসংযোগে ব্যস্ত হয়ে পড়ছেন। নির্বাচনটি দলীয় প্রতীকে হওয়ার কথা রয়েছে। দলীয় প্রতীক নিয়ে বিএনপির নির্বাচনে আসা এখনও অনিশ্চিত। ফলে আওয়ামী লীগ প্রার্থীরা মনোনয়ন পেতে জেলা ও কেন্দ্রে ব্যাপক লবিং শুরু করেছেন। পাশাপাশি প্রতিটি এলাকায় গিয়ে ইউপি মেম্বার, চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা গণসংযোগ করছেন তারা হচ্ছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আটিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক, এলাসিন ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য হামীম কায়েস বিপ্লব ও জেলা আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বলেন, আমি একটানা ৩৬ বছর যাবত উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করছি। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবো বলে আশাবাদী।
এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) টাঙ্গাইল জেলা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান গণসংযোগ শুরু করেছেন। এদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না আসলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ।
