নবজাতক এখনো হাসপাতালে

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে রিফাতের দাফন সম্পন্ন

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০১:১৮

বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রোডিউসার রিফাত সুলতানার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা গেছে, শুক্রবার রাতে রিফাত সুলতানার মরদেহ রাজধানীর মোহাম্মদপুরের আল-মারকাজুলে গোসল করানো হয়। সেখান থেকে রাত ৯টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় রিফাতের কর্মস্থল ৭১ টেলিভিশনের বারিধারা অফিস প্রাঙ্গণে। সেখান থেকে মরদেহ রাত ১১টার দিকে বনশ্রীর বাসায় এনে রাখা হয়।

রিফাতের নবজাতক কন্যা এখনো এভারকেয়ার হাসপাতালের এনআইসিইউতে আছে। প্রিম্যাচিউরড হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া রিফাতের যমজ আরো দুইটি সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। অন্যদিকে প্রয়াত রিফাতের স্বামী নাজমুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েক দিন ধরে মুগদা হাসপাতালে ভর্তি আছেন। 

গত শুক্রবার বিকাল পাঁচটার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান করোনা আক্রান্ত রিফাত। সকালে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। সন্তানসম্ভবা অবস্থায় ১০ দিন করোনার সঙ্গে লড়াই করে হেরে যান রিফাত।