এক মাসের ব্যবধানে বাড়ল সোনার দাম। অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহূত এ ধাতুর দাম আজ মঙ্গলবার থেকে প্রতিভরি এক হাজার ১৬৬ টাকা বাড়ছে। তবে সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত থাকছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে গতকাল নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৫০ হাজার ১৫৫ টাকা দরে। গতকাল সোমবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৮ হাজার ৯৮৮ টাকা। পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৪৭ হাজার ৮২২ টাকা দরে। আগে এ মানের প্রতি ভরি সোনার বিক্রিমূল্য ছিল ৪৬ হাজার ৬৫৬ টাকা। আর ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪২ হাজার ৮০৬ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৪১ হাজার ৬৪০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকায় অপরিবর্তিত আছে। এদিকে রুপার দামও অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।
